মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)।
শুভ মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
অন্যদিকে ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশে রওনা দেন দুই বন্ধু।
বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই তালাত মাহমুদ শুভ মারা যান।
গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল-ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ এবং ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।
পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করে নতুন মোটরসাইকেল কিনতে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজারে গিয়েছিলেন শুভ।
নতুন বাইক নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়ায় অর্থনৈতিক অঞ্চল সড়কের গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








