GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, রাতে খুলতে পারে ১৬ গেট

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, রাতে খুলতে পারে ১৬ গেট

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত পানি নিষ্কাশনের প্রস্তুতিতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের জলকপাট।

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খোলার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার রাত ১০টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বেলা ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট মিন সি লেভেল বা এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পানি ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এসব ইউনিট দিয়ে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এর আগেও গত মাসে অতিরিক্ত পানি কমাতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খোলা হয়েছিল।

এবারও পানির উচ্চতা বাড়তে থাকায় নতুন করে স্পিলওয়ের গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জলকপাট খোলা হলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়তে পারে। এতে ভাটির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ কারণে কাপ্তাই, রাঙামাটি এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Tagged:

Social Icons