জৈনপুরী দরবার শরীফের নাম উচ্চারণ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি দরবার শরীফের নাম ‘জৌনপুরী’ উচ্চারণ করেন। এ নিয়ে আলোচনা তৈরি হলে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে জৈনপুরী দরবার শরীফের প্রতি নিজের শ্রদ্ধা ও সম্মান অটুট রয়েছে বলে জানান তিনি।
অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখেই তিনি অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তাঁর বক্তব্যে কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানান রাশেদ খাঁন।
‘জৌনপুরী ও জৈনপুরী, দুটো শব্দই সঠিক’
নিজের পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, তাঁর যতটুকু জানার সুযোগ হয়েছে, তাতে ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’ দুটি শব্দই সঠিক। তবে এ শব্দ দুটির সঙ্গে তাঁর কাজের সম্পৃক্ততা সীমিত এবং পরিচিতিও কম থাকায় অজ্ঞাতসারে উচ্চারণগত ভুল হয়েছে বলে জানান তিনি।
ভবিষ্যতে শব্দ দুটি উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
মুফতি সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা
পোস্টের শেষাংশে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া ইসলামের খেদমতে আব্বাসীর ভূমিকার প্রশংসা করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য অনুযায়ী, কেউ সঠিক পথে থাকলে নানা প্রতিকূলতার মধ্যেও তাঁর বিজয় অনিবার্য।







