GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আবদুল হালিম।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল হিসেবে দেশের সব নির্বাচনে অংশগ্রহণ করে।

তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সব ধরনের বাধা, প্রলোভন ও উসকানি সাহস, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে মোকাবিলা করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আবদুল হালিম আরও বলেন, বিগত নির্বাচনে জনগণ উৎসাহের সঙ্গে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল। জামায়াত নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, এমন প্রত্যাশা জনগণের মধ্যে ছিল বলেও দাবি করেন তিনি।

তবে নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে মানুষের ধারণা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ নির্বাচনেও ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। শিগগিরই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এদিকে জুলাই জাতীয় সনদ কার্যকর ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

Social Icons