GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / বিড়াল ভেবে খোঁজ, ধ্বংসস্তূপের নিচে মিলল জীবিত ৫ বছরের মানিশা

বিড়াল ভেবে খোঁজ, ধ্বংসস্তূপের নিচে মিলল জীবিত ৫ বছরের মানিশা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হওয়া ৫ বছরের শিশু মানিশাকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাঠমান্ডুর টিচিং হাসপাতালে চিকিৎসাধীন মানিশা বর্তমানে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেপালের রসুয়া জেলার সিয়াবরুবেসি এলাকার কাছে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) একটি দল।

তল্লাশির একপর্যায়ে ধ্বংসস্তূপের নিচে কোনো বিড়াল আটকে আছে বলে ধারণা করেন উদ্ধারকারীরা। এরপর ইট-পাথর ও ময়লা সরিয়ে আরও অনুসন্ধান শুরু করেন তারা।

পুলিশ সদস্য সঞ্জু খত্রির নেতৃত্বাধীন দলটি প্রায় দুই ঘণ্টার টানা প্রচেষ্টার পর ধ্বংসস্তূপের নিচে মানিশাকে জীবিত অবস্থায় দেখতে পায়।

উদ্ধারের সময় শিশুটি জীবিত থাকলেও প্রায় চেতনাহীন অবস্থায় ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খারাপ আবহাওয়ার কারণে তাকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে উদ্ধারকারীরা শিশুটিকে নিজেদের ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

সেখানে তাকে সেদ্ধ চালের পানি খাওয়ানো হয়। এরপর ধীরে ধীরে তার চেতনা ফিরে আসে।

ভয় ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত শিশুটিকে পরদিন শনিবার বিকেলে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর টিচিং হাসপাতালের পেডিয়াট্রিক জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মানিশা দ্রুত সুস্থ হয়ে উঠছে।

পরে হাসপাতালে তার মা-বাবার সঙ্গে পুনর্মিলন ঘটে।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে দুই দিন ধ্বংসস্তূপের নিচে থাকার পর মানিশার জীবিত উদ্ধারের ঘটনাটি স্বস্তি এনে দিয়েছে উদ্ধারকারী ও তার পরিবারের মধ্যে।

Social Icons