ইসলামে ইবাদতের প্রতিটি বিষয়ের জন্য রয়েছে নির্দিষ্ট নিয়ম-কানুন। তবে মানুষের স্বাভাবিক ভুলের কারণে নামাজেও অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে।
এর মধ্যে একটি পরিচিত বিষয় হলো বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যাওয়া।
অনেকেই বিতরের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়ার কথা ভুলে সরাসরি রুকুতে চলে যান।
এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে নিজের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছেন ইসলামি স্কলার মুফতি রেজাউল করিম আবরার।
তিনি বলেন, ভুলে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে রুকু থেকে উঠে আবার দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ার প্রয়োজন নেই।
তার মতে, এটি শরিয়তের নিয়ম অনুযায়ী সঠিক পদ্ধতি নয়।
মুফতি আবরার বলেন, বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব।
কোনো ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে বাদ পড়লে সেই ত্রুটি পূরণের জন্য শরিয়তে সিজদায়ে সহু করার বিধান রয়েছে।
তিনি বলেন, ওয়াজিবের ঘাটতি পূরণের এই প্রক্রিয়াকে আরবি পরিভাষায় ‘জাবরে নোকসান’ বলা হয়।
অর্থাৎ নামাজের কোনো ওয়াজিব বাদ পড়লে সিজদায়ে সহুর মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হয়।
তাই বিতরের নামাজে দোয়ায়ে কুনুত ভুলে রুকুতে চলে গেলে রুকু থেকে ফিরে এসে আবার কুনুত পড়তে হবে না।
বরং নামাজের শেষে নিয়ম অনুযায়ী সিজদায়ে সহু করলেই যথেষ্ট।


