যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে প্রেমনির্ভর নাটক ও সিনেমা বন্ধের দাবি উঠেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।
মন্ত্রিপরিষদ সচিবের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকেও নোটিশ দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছেও নোটিশ পাঠানো হয়।
নোটিশে বর্তমান নাটক ও চলচ্চিত্রের প্রেমভিত্তিক কনটেন্ট নিয়ে আপত্তি জানানো হয়েছে।
আইনজীবীর দাবি, এসব নাটক ও সিনেমায় প্রেম ও রোমান্টিক দৃশ্যের আধিক্য দেখা যাচ্ছে।
এতে তরুণ ও শিক্ষার্থীদের পড়াশোনা এবং ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে দেখানোর অভিযোগও আনা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এ ধরনের কনটেন্ট সমাজের নৈতিক কাঠামোর ওপর প্রভাব ফেলছে।
এ বিষয়ে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদও তুলে ধরা হয়েছে।
নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে আইন মানা ও শৃঙ্খলা রক্ষাকে নাগরিকের দায়িত্ব বলা হয়েছে।
এ ছাড়া ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষায় রাষ্ট্রের দায়িত্বের কথাও বলা হয়েছে।
নোটিশে প্রেমভিত্তিক কনটেন্ট কমিয়ে অন্য ধরনের বিষয় নিয়ে নাটক ও সিনেমা নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এর মধ্যে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক কনটেন্ট রয়েছে।
প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণে নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
তা না হলে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।









