বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’
স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইল সেবার মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ এখন অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজের বাইরে থাকা এলাকাগুলোতে এ প্রযুক্তি যোগাযোগের নতুন সুযোগ তৈরি করবে।
স্টারলিংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করা হয়েছে। এর ফলে প্রচলিত সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকলেও ব্যবহারকারীরা বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা এবং প্রয়োজনীয় যোগাযোগের সুবিধা নিতে পারবেন।
স্টেফানি বেডনারেকের ভাষ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ী, পরিবার ও ভ্রমণকারীরা এ সেবার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকলেও সংযুক্ত থাকার সুযোগ পাবেন।
জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে যোগাযোগ সচল রাখাও এ সেবার অন্যতম লক্ষ্য। বিশেষ করে জেলে, সমুদ্রে কর্মরত ব্যক্তি, ভ্রমণকারী এবং প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি বাংলালিংক স্টারলিংক-চালিত এই সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটি একটি প্রথম উদ্যোগ।
এ ছাড়া বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হতে পারে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম ব্যবহারকারীরা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও নির্দিষ্ট অ্যাপ, মেসেজিং ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।






