GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / জীবনযাপন / অন্যান্য / প্রবাস / মালয়েশিয়ায় প্রবাসীদের যেসব বিষয়ে সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় প্রবাসীদের যেসব বিষয়ে সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে প্রবাসীদের জন্য একাধিক করণীয় ও বর্জনীয় বিষয় জানানো হয়েছে।

শনিবার হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক পরামর্শে বলা হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের দেশটির আইন, বিধি-বিধান এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে।

একই সঙ্গে কর্মস্থলের নীতিমালা অনুসরণ এবং স্থানীয় সাইবার আইন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে হাইকমিশন।

পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ এবং ইতিবাচক কাজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

অচেনা লিংক ও অনলাইন প্রতারণায় সতর্কতা

অপরিচিত ব্যক্তি এবং অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে ফিশিং ও বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা থেকে সাবধান থাকতে বলা হয়েছে।

কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে তার সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছে হাইকমিশন।

সন্দেহজনক ও উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

হাইকমিশন জানিয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্কিত কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

গুজব, মিথ্যা তথ্য এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘনের কারণ হতে পারে।

কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অনলাইন প্রচারণায় অংশ না নিতেও প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

সরকারি ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানে ছবি-ভিডিওতে সতর্কতা

যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা এবং নিরাপত্তাসংশ্লিষ্ট জায়গার ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।

ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্ক থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত অর্থ আয়ের প্রলোভন এবং সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়েছে।

সবশেষে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেওয়ার জন্য মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে হাইকমিশন।

প্রবাসীদের মতে, এসব নির্দেশনা মেনে চললে ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা বাড়বে।

পাশাপাশি কর্মরত দেশের আইন এবং সামাজিক পরিবেশের প্রতিও সম্মান বজায় রাখা সহজ হবে।

Tagged:

Social Icons