দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু।
সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৮৫৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন।
একই সময়ে নতুন করে ৮৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। চলতি সময়ের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন।
তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।








