GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান / তথ্যপ্রযুক্তি / হোয়াটসঅ্যাপে একাধিক পাসকি ও টু-স্টেপ ভেরিফিকেশনে এলো নতুন সিকিউরিটি ফিচার

হোয়াটসঅ্যাপে একাধিক পাসকি ও টু-স্টেপ ভেরিফিকেশনে এলো নতুন সিকিউরিটি ফিচার

হোয়াটসঅ্যাপ পাসকি আপডেট

ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে কয়েকটি নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন একই অ্যাকাউন্টে একাধিক পাসকি যোগ করতে পারবেন। পাশাপাশি টু-স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে কেবল ছয় সংখ্যার পিনের পরিবর্তে পূর্ণাঙ্গ পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ মিলবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা বাড়াতে অজানা নম্বর থেকে আসা কলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করবে অ্যাপটি।

হোয়াটসঅ্যাপের নতুন পাসকি সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা লগইন করার সময় ভেরিফিকেশন কোডের ঝামেলা থেকে মুক্তি পাবেন। এর পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি অথবা ডিভাইসের স্ক্রিন লক ব্যবহার করেই দ্রুত সাইন ইন করা সম্ভব হবে। যারা একই সাথে অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) ডিভাইস ব্যবহার করেন, তাঁদের জন্য একের বেশি পাসকি যোগ করার এই ফিচারটি অত্যন্ত সুবিধা দেবে। হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ইতিপূর্বে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী পাসকি তৈরি করেছেন। অ্যাপের সেটিংস থেকে ‘অ্যাকাউন্ট’ এবং ‘পাসকি’ অপশনে গিয়ে নতুন এই ফিচার সেট করা যাবে।

অ্যাাকাউন্টের বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থাতেও আনা হয়েছে বড় পরিবর্তন। এতদিন সিকিউরিটি স্তরের জন্য বাধ্যতামূলকভাবে ছয় সংখ্যার পিন ব্যবহার করতে হলেও এখন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যাবে। নতুন এই নিয়মে অক্ষর, সংখ্যা এবং বিশেষ প্রতীকের সংমিশ্রণে দীর্ঘ পাসওয়ার্ড সেট করা সম্ভব, যা হ্যাকারের অনুমান করা কঠিন করে তুলবে।

অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অজানা বা অচেনা নম্বর থেকে আসা কল সম্পর্কে আগাম সতর্ক করবে হোয়াটসঅ্যাপ। এখন থেকে কোনো সংরক্ষিত না থাকা নম্বর থেকে কল এলে সেই কলটি অন্য কোনো দেশের কি না, তা স্ক্রিনেই দেখা যাবে। একই সাথে কলকারী ব্যক্তির সাথে ব্যবহারকারীর কোনো কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কি না, সেই তথ্যও প্রদর্শিত হবে। ফলে স্প্যাম বা প্রতারণামূলক কল রিসিভ করার আগেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

Tagged:

Social Icons