এইচএসসি পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানিয়েছেন, রোজার পরই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সবকিছু বিবেচনা করেই রোজার পর পরীক্ষা নেওয়া হবে।
এ মুহূর্তে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই বলেও জানান তিনি।
কারিগরি শিক্ষায় গুরুত্ব
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।
এই খাতে কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সরকার জানে।
তিনি জানান, কারিগরি শিক্ষায় অনেক শিক্ষক প্রয়োজন।
শিক্ষকের এই ঘাটতি পূরণেও কাজ করা হচ্ছে।
চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনও বক্তব্য দেন।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বজুড়ে এ খাতে চীনের অনেক সফলতা রয়েছে।
চীনের এই অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে বলে জানান তিনি।
চীনা ভাষা শেখায় গুরুত্ব
দেশে শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মাহদী আমিন।
তিনি বলেন, বাংলাদেশে অনেক চীনা কোম্পানি রয়েছে।
এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহের লক্ষ্য রয়েছে সরকারের।
একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।




