GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / আদালতে শাহজাহান ওমরকে দেখে ‘মীর জাফর’, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

আদালতে শাহজাহান ওমরকে দেখে ‘মীর জাফর’, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

আদালতে শাহজাহান ওমর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দীর্ঘদিনের রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের নৌকায় ওঠা মুহাম্মদ শাহজাহান ওমরকে আদালতে দেখে ‘মীর জাফর’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন কয়েকজন।

সোমবার (৩১ আগস্ট) বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যাচেষ্টা মামলায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয় শাহজাহান ওমরকে। মামলাটিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মিরপুরে মো. মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শাহজাহান ওমরের বিরুদ্ধে একই আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।

এদিন শুনানির জন্য প্রথমে শাহজাহান ওমরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নেওয়া হয়। তখন আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিএনপির সাবেক এই এমপিকে দেখে ‘মীর জাফর’ বলে সম্বোধন করেন। কেউ কেউ তাকে উদ্দেশ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেন।

আদালতে হাজিরা দিতে আসা শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মহসিন শেখ বলেন, শাহজাহান ওমরের জনপ্রিয়তা ছিল বিএনপির জন্য। পরে সুযোগ বুঝে তিনি বিএনপি থেকে সরে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

মহসিন শেখ বলেন, ‘যুগে যুগে মীর জাফরদের অবস্থা এমনই হয়।’ তার দাবি, শাহজাহান ওমরের এখন সংসদে থাকার কথা ছিল, কিন্তু তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে আজ তাকে কারাগারে থাকতে হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছেড়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন শাহজাহান ওমর। ওই নির্বাচনে তিনি জয়ীও হন।

তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেফতার করা হয় শাহজাহান ওমরকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে সোমবারের শুনানিতে তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। এর ফলে শাহজাহান ওমরের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় আরও একটি নতুন অধ্যায় যুক্ত হলো।

Social Icons