GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন।

এর আগে সকালে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানায় বিমানবন্দর থানা পুলিশ। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আখতারুজ্জামানকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজ সকালে বেশ সতর্কতা ও ভিন্ন পথে আদালতে নিয়ে আসা হয় আখতারুজ্জামানকে। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় পুলিশ সদস্যেরা তাঁকে নিরাপত্তা হেলমেট পরাতে গেলে তিনি তা ছুড়ে ফেলে দেন এবং উচ্চবাচ্য করেন। পরবর্তীতে তাঁকে সরাসরি আদালতের এজলাসে তোলা হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১ অক্টোবর সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর লাগেজ ও ট্রলি পেতে দেরি হওয়ায় তিনি ট্রলি সংকট নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে দায়ের করা মামলার এজাহারে অভিযোগ আনা হয় যে, তর্কাতর্কির একপর্যায়ে তিনি বিমানবন্দরের দায়িত্বরত এক কর্মকর্তার ওপর চড়াও হন ও গায়ে হাত তোলেন।

Social Icons