GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আদালত / সিএমএম আদালতের হাজতখানার পুলিশ কনস্টেবল ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

সিএমএম আদালতের হাজতখানার পুলিশ কনস্টেবল ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি ও মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম মো. রেজাউল করিম (৪৫)। তিনি সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সিআইডি সূত্র জানায়, গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ আভিযানিক দল সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরিয়ানি ঘর’ নামক একটি রেস্তোরাঁর ভেতরে অভিযান পরিচালনা করে। সিআইডি দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে কনস্টেবল রেজাউল করিমকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত রেজাউল করিমের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের মোট ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৭ হাজার টাকা। একই সাথে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আজ ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।

Social Icons