GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / ধর্ম ও সমাজ / স্বামী-স্ত্রীর বিয়ের আগের অতীত কতটুকু জানা উচিত?

স্বামী-স্ত্রীর বিয়ের আগের অতীত কতটুকু জানা উচিত?

বিয়ের পর স্বামী-স্ত্রীর একে অপরের অতীতের ব্যক্তিগত জীবন বা বিয়ের আগের ভুল ত্রুটি কতটুকু জানা উচিত এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলা ভালো—তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে।

ইসলামী অনুশাসন ও সামাজিক বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগের ব্যক্তিগত কোনো ভুল বা পুরোনো সম্পর্কের খুঁটিনাটি অযথা অনুসন্ধান করা কিংবা দাম্পত্য জীবনে তা নিয়ে বারবার খোঁটা দেওয়া মোটেও উচিত নয়। তবে অতীতের কোনো বিষয় যদি বর্তমান দাম্পত্য অধিকার ও নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলে, সেটি আলাদাভাবে বিবেচনা করার তাগিদ দেওয়া হয়েছে।

অতীতের ভুলকে স্থায়ী পরিচয় বানানো অনুচিত মানুষ মাত্রই ভুল হতে পারে এবং আন্তরিক তাওবার মাধ্যমে বান্দা নিজেকে শুধরে নিতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, “বলুন, হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ; আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।” (সুরা জুমার: ৫৩)।

হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “প্রত্যেক আদমসন্তানই ভুলকারী, আর উত্তম ভুলকারীরা হলো তারা, যারা তাওবা করে।” (জামে তিরমিজি: ২৪৯৯)। ফলে কেউ যদি বিয়ের আগে ঘটে যাওয়া কোনো ভুল থেকে তাওবা করে দ্বীনের পথে ফিরে আসে, তবে সেই পুরোনো ভুলকে তার স্থায়ী পরিচয় বানিয়ে দেওয়া ইসলামের শিক্ষার বিপরীত।

যেসব বিষয় এড়িয়ে চলাই ভালো ইসলামে একে অপরের ব্যক্তিগত গোপন বিষয় অনুসন্ধানে কঠোর নিষেধ করা হয়েছে। সুরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে বলা হয়েছে, “তোমরা একে অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না।”

এই নির্দেশনার আলোকে সুখী দাম্পত্য জীবন গড়তে কিছু বিষয় এড়িয়ে চলা জরুরি:

  • বিয়ের আগের কোনো পুরোনো সম্পর্কের গভীরতা বা খুঁটিনাটি জানতে খোঁচানো।
  • বর্তমান জীবনসঙ্গীকে অতীতের কোনো সম্পর্কের সাথে তুলনা করা।
  • ‘সত্যি বললে কিছু বলব না’—এমন প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা।
  • ঝগড়া বা তর্কের সময় অতীত তুলে বারবার খোঁচা বা মেহনা দেওয়া।

এ ধরনের অপ্রয়োজনীয় ঘাটাঘাটি স্বামী-স্ত্রীর মাঝে অহেতুক সন্দেহ, হিংসা ও অবিশ্বাস বাড়িয়ে বর্তমান সংসারকে বিষাদময় করে তোলে।

গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা ও প্রতারণা ভিন্ন বিষয় অতীতের ব্যক্তিগত গুনাহ ঢেকে রাখা আর দাম্পত্য জীবনকে সরাসরি প্রভাবিত করে এমন তথ্য গোপন করা এক জিনিস নয়। যদি অতীতের কোনো ঘটনা বা ব্যাধি বর্তমান সঙ্গীর অধিকার, শারীরিক-মানসিক নিরাপত্তা বা দাম্পত্য জীবনে সরাসরি প্রভাব ফেলে, তবে তা চাতুর্যের সাথে গোপন করা প্রতারণার শামিল। এমন জটিল পরিস্থিতিতে কতটুকু তথ্য জানানো প্রয়োজন, তা কোনো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিয়ে ঠিক করা উচিত।

সংক্ষেপে, যে অতীত বর্তমানে কোনো অধিকার বা নিরাপত্তার ব্যাঘাত ঘটায় না, তা নিয়ে খোঁচাখুঁচি না করাই দাম্পত্যের মূল নীতি। আবার যা বর্তমান জীবনের জন্য আবশ্যক, তা গোপন না করে সততার পরিচয় দেওয়াই ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষা।

Social Icons