GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন তিন মার্কিন নভোচারী। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেনন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিরাপদ ইলেকট্রনিক ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তারা।

সাধারণত ভোট দিতে হলে ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হতে হয়। কিন্তু মহাকাশচারীদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশ স্টেশনে অবস্থান করেও তারা নির্বাচনে অংশ নিতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা তিন নভোচারী সম্প্রতি চলমান মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন।

কীভাবে মহাকাশ থেকে ভোট দিলেন নভোচারীরা?

মহাকাশ থেকে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। প্রথমে মহাকাশচারীদের কাছে একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট পাঠানো হয়। এরপর তারা মহাকাশ স্টেশনের ভেতরে থাকা ল্যাপটপ ব্যবহার করে ব্যালট পূরণ করেন।

পরে নাসার সুরক্ষিত যোগাযোগব্যবস্থার মাধ্যমে পূরণ করা ব্যালট পৃথিবীতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে এই বিশেষ ভোটদান প্রক্রিয়ার কিছু অংশ তুলে ধরেন অনিল মেনন।

ভিডিওতে দেখা যায়, মহাকাশ স্টেশনের নিজের ক্রু কোয়ার্টারে অবস্থান করছেন তিনি। সেদিন ওই জায়গাটিই তার জন্য ভোটকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। মেনন জানান, তিনি টেক্সাসের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন।

ভোট দিয়ে যা বললেন অনিল মেনন

মহাকাশ থেকে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে অনিল মেনন বলেন, ‘হ্যাঁ, আপনি মহাকাশ থেকেও ভোট দিতে পারেন! মহাকাশ স্টেশনের তিনজন মার্কিন ক্রু সদস্যই ভোট দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমরা একটি ইলেকট্রনিক ব্যালট পূরণ করে তা নিরাপদে নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছি।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই নভোচারীদের এই ব্যতিক্রমী ভোটদান পদ্ধতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, তিনজন নভোচারী মহাকাশ থেকে ভোট দিতে পারলেও তিনি নিজের ল্যাপটপকে প্রিন্টারের সঙ্গে যুক্ত করতে গিয়ে ৪০ মিনিট সময় নষ্ট করেছেন। তার মতে, নাসার প্রযুক্তি অনেক বেশি নির্ভরযোগ্য।

আরেকজন এই ভোটদান প্রক্রিয়াকে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থান থেকে পাওয়া ‘আই ভোটেড’ স্টিকার বলে রসিকতা করেছেন। অন্য একজন লিখেছেন, বিষয়টি তার জানা ছিল না এবং এটি দারুণ একটি অভিজ্ঞতা।

১৯৯৭ সাল থেকেই মহাকাশ থেকে ভোটের সুযোগ

মহাকাশ থেকে ভোট দেওয়ার ব্যবস্থা অবশ্য নতুন নয়। টেক্সাস আইনসভা মহাকাশচারীদের কক্ষপথ থেকে ভোট দেওয়ার অনুমতি দিয়ে একটি বিল পাস করার পর ১৯৯৭ সাল থেকে নাসা এই ব্যবস্থা চালু করে।

ওই বছরই নাসার মহাকাশচারী ডেভিড উলফ ‘মির’ মহাকাশ স্টেশনে অবস্থানকালে কক্ষপথ থেকে ভোট দেওয়া প্রথম মার্কিন নাগরিক হন।

দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনে অংশ নেওয়া নভোচারীরা যেন পৃথিবীতে অনুষ্ঠিত নির্বাচন থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই বিশেষ ভোটদান পদ্ধতি চালু করা হয়েছিল।

Social Icons