GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / শিক্ষাঙ্গন / সরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি

সরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত ভর্তি পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে

নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাধ্যতামূলক। একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবে। তবে একই বিদ্যালয়ে দুই পালা থাকলে উভয় পালা পছন্দ করার ক্ষেত্রে তা দুটি পছন্দ হিসেবে গণনা করা হবে।

একই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর একাধিক আবেদন জমা পড়লে সব আবেদন বাতিল করা হবে।

প্রথম শ্রেণির ভর্তির পুরো কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে পরিচালনা করবে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারি সম্পন্ন করতে হবে, যাতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে।

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থী নেওয়া হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এ ক্ষেত্রেও নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকা রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো:

  • বাংলা: ১৫ নম্বর
  • ইংরেজি: ১৫ নম্বর
  • গণিত: ২০ নম্বর

অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো:

  • বাংলা: ৩০ নম্বর
  • ইংরেজি: ৩০ নম্বর
  • গণিত: ৪০ নম্বর

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিদ্যালয়

নীতিমালায় আরও বলা হয়েছে, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠানপ্রধান শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।

এ ছাড়া ভর্তি কমিটিকে জাতীয় ও স্থানীয় পত্রিকা, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থা নিতে হবে, যাতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকেরা ভর্তিসংক্রান্ত তথ্য জানতে পারেন।

সূত্র: যুগান্তর প্রতিবেদন

Social Icons