পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও পুরস্কারজয়ী চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ফের বিয়ে করেছেন। ৬২ বছর বয়সি আইরিশ-অস্ট্রেলীয় কোটিপতি অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেছেন ৫২ বছর বয়সি জেমিমা।
সপ্তাহান্তে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জেমিমার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনন্দের মুহূর্তের ছবিও শেয়ার করেছেন।
বিয়ের খবর নিশ্চিত করলেন জেমিমার ভাই
জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের খবর নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমিমা জোনস ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে নবদম্পতির বিয়ে উদ্যাপনের কথা জানান।
তবে প্রকাশিত ছবিতে জেমিমা ও ক্যামেরনকে একসঙ্গে দেখা যায়নি। ছবিতে বেন ও জেমিমা জোনসকে একটি বড় পাথরের ভবনের পাশে সাজানো বাগানে দেখা গেছে।
কে এই ক্যামেরন ও’রেইলি?
ক্যামেরন ও’রেইলি প্রয়াত অ্যান্থনি ও’রেইলির ছেলে। তার বাবা ছিলেন খ্যাতনামা মিডিয়া ব্যবসায়ী এবং আয়ারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক রাগবি খেলোয়াড়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্যামেরন শুরুতে বাবার মিডিয়া ব্যবসায় কাজ করেন। পরে তিনি প্রাইভেট ইকুইটি ব্যবসায় যুক্ত হন।
২০০৩ সালে তিনি বেয়ার্ড ক্যাপিটাল নামে একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন। এরপর সুইজারল্যান্ডের মিটার নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডিস+গিয়ার অধিগ্রহণ করেন এবং পরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১১ সালে তোশিবা ২.৩ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।
যেভাবে পরিচয় জেমিমা ও ক্যামেরনের
চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের কাজের সূত্রে জেমিমা ও ক্যামেরনের পরিচয় হয়। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা বেশ কিছুদিনের বন্ধু ছিলেন বলে জানা গেছে।
ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাতে জানা যায়, এক বছরেরও বেশি সময় ধরে তারা সম্পর্কে ছিলেন। ক্যামেরন ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা পছন্দ করেন বলেও ওই ব্যক্তি জানান।
চলতি বছরের মে মাসে তাদের বাগদানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এর আগে তাদের সম্পর্ক অনেকটাই আড়ালেই ছিল।
ইমরান খানের সঙ্গে জেমিমার সম্পর্ক
১৯৯৫ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথ বিয়ে করেন। নয় বছর সংসার করার পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।
ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে, সুলাইমান ও কাসিম। বিচ্ছেদের পর জেমিমা দুই ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন।
অন্যদিকে ক্যামেরন ও’রেইলির চার সন্তান রয়েছে। এখন জেমিমা ও ক্যামেরনের নতুন দাম্পত্য জীবন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাদের ভক্ত ও অনুসারীদের মধ্যে।




