GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ইরানের সুরক্ষিত স্থাপনা লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সুরক্ষিত স্থাপনা লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সুরক্ষিত স্থাপনা লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনা। সেখানে মাটির গভীরে নির্মিত দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাত ‘ছোটখাটো বিষয়’

এর এক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, তিনি এই পরিস্থিতিকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করবেন না।

ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, অনেকেই এটিকে যুদ্ধ বলেন না। তিনি এটিকে ‘সামরিক সংঘাত’ হিসেবে দেখেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় কোনো বিষয় নয়।

এদিকে ইরান ব্যাপক সামরিক অভিযানের মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক চাপের পাশাপাশি প্রয়োজনে বড় ধরনের সামরিক হামলার হুমকি দেওয়ার কৌশলও অনুসরণ করছে।

তবে সংঘাত শুরুর পর থেকে ট্রাম্প কয়েকবার আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছেন। বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে শেষ মুহূর্তে সামরিক পদক্ষেপের হুমকি থেকে সরে আসার ঘটনাও ঘটেছে।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলারের মতে, ট্রাম্প একই সঙ্গে দুটি বিষয় এড়াতে চাইছেন।

একদিকে তিনি ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণে ফিরে যেতে চান না, অন্যদিকে হরমুজ প্রণালি নিয়ে তেহরানকে বড় ধরনের ছাড় দেওয়ার ধারণাও তৈরি করতে চান না।

মিলারের মতে, হোয়াইট হাউস বড় ধরনের যুদ্ধ চায় না। আবার ইরানকে বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে, এমন ধারণাও তৈরি করতে চায় না।

এদিকে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমে’ পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে যুদ্ধে নিহত বা আহত সেনাদের তথ্যকে ‘বিদেশি সামরিক অভিযান’ (ওভারসিজ অপারেশনস) হিসেবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Social Icons