জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে তারা এ দাবি জানায় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
আইআরজিসি জানায়, তারা আল-আজরাক এয়ার বেস ও এর নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, এতে ওই ঘাঁটি ও বহু যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে এর মূল্য দিতে হবে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের আগ্রাসনের জবাবে তারা পাল্টা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।
এদিকে ইরানি গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালির আশপাশে কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবিও করেছে ইরান, যার মধ্যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করার কথাও বলা হয়েছে।









