মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৯০ লাখ ব্যারেল জ্বালানি তেল নিরাপদে পরিবহন করা হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে তেল সরবরাহ অব্যাহত থাকায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমে আসার আশা করা হচ্ছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, শুধু হরমুজ প্রণালি নয়, ওই অঞ্চলের বিভিন্ন পাইপলাইন ব্যবহার করেও তেল পরিবহন করা হচ্ছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যে পরিমাণ তেল ওই অঞ্চল দিয়ে পরিবহন করা হতো, বর্তমানে হরমুজ প্রণালি ও পাইপলাইন মিলিয়ে তার তিন ভাগের দুই ভাগের বেশি তেল স্বাভাবিকভাবে পরিবাহিত হচ্ছে।
তবে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার নিরাপদে চলাচল করানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মার্কিন নৌবাহিনী। সম্ভাব্য ইরানি হামলা থেকে তেলের ট্যাংকারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন সেনারা সেগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন, হরমুজ প্রণালিকে নিরাপদ রাখার এই কার্যক্রমে খুব শিগগিরই অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়াবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই পথ দিয়ে তেল পরিবহন অব্যাহত থাকা বিশ্ববাজারে সরবরাহ পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও যদি তেল পরিবহন স্বাভাবিক রাখা যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।




