GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থ-বাণিজ্য / বাংলাদেশের অর্থনীতি / উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: আমির খসরু

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: আমির খসরু

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে যুক্ত করা এবং উদ্যোক্তা তৈরি করাই কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার নতুন একটি উদ্যোগ হিসেবে ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়াই নয়, তাদের প্রশিক্ষণ, পণ্য ব্র্যান্ডিং ও মার্কেটিংয়েও সহায়তা করা হচ্ছে।

তিনি কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি নেওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সৃজনশীলতার মাধ্যমে যারা কাজ করছেন, তাদেরও অর্থনীতিতে অবদান রাখার সুযোগ রয়েছে। গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডকে সরকার মনিটাইজ করতে চায় এবং এসব উদ্যোগকে ভ্যালু অ্যাড করে বাজারজাতযোগ্য করার মাধ্যমে অর্থনীতির মূল স্রোতে আনতে চায়।

তিনি বলেন, ক্রিয়েটিভ ইকোনমিতে আরও মনোযোগ ও সহায়তা দেওয়া হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকটির খেলাপি ঋণ বা এনপিএল ৪ শতাংশ থেকে ১ বা ২ শতাংশে নামিয়ে আনতে পারলে ভালো হবে। তার মতে, ব্যাংকটি ভালো করছে এবং বর্তমানে মুনাফাও করছে।

Social Icons