ভারতের জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে ৭ অক্টোবর বাংলাদেশে ফেরত পাঠানোর কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী শনাক্তে পরিচালিত বিশেষ অভিযানে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি মিয়ানমার থেকে আসা কিছু রোহিঙ্গাও রয়েছেন।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন এবং ময়লা সংগ্রহসহ ছোটখাটো পেশায় যুক্ত ছিলেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি নাগরিক থাকার তথ্য পাওয়া গেছে। তাদের ঘিরে মোট ১১৭টি মামলা নথিভুক্ত রয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক অন্য ব্যক্তিদেরও পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।









