GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন, বিরোধীদলকে রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন, বিরোধীদলকে রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধীদলকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পাশাপাশি সংকট সমাধানে জাতীয় সংসদে কার্যকর পরামর্শ দেওয়া উচিত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ বা কর্মসূচি দেওয়া যেতে পারে। তবে কীভাবে, কোথা থেকে এবং কী উপায়ে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করা হবে, সে বিষয়ে বিকল্প পরিকল্পনা দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে বিরোধীদলের একটি পরিকল্পনা থাকা উচিত। সংসদে বিরোধীদলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন।

রিজভী বলেন, পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। বরং কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা দিতে হবে। অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে সংকট আরও গভীর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকনসহ অনেকে।

Social Icons