GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / Uncategorized / ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৫ অঞ্চলে সতর্কসংকেত

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৫ অঞ্চলে সতর্কসংকেত

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৫ অঞ্চলে সতর্কসংকেত

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম অনুভূত হলেও আজ বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে

Social Icons