হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বৃষ্টি খাতুন (১৯) নামে যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
যশোর কারাগার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য বৃষ্টি খাতুনকে ঝিনাইদহ থেকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র হয়।
একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
ঘটনার খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
এদিকে মা ও নবজাতকের এই ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, কারা মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।








