GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / ঢাকা উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীনকে মনোনয়ন দিল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীনকে মনোনয়ন দিল এনসিপি

আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার সাথে সাথে দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন নির্বাচন কেন্দ্রিক সার্বিক দলীয় কৌশল ও মাঠপর্যায়ের দিকনির্দেশনা প্রদান করা হয়।

দিকনির্দেশনায় বলা হয়, দ্রুত যোগ্য সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ করা, ওয়ার্ডভিত্তিক নাগরিক ভোগান্তি চিহ্নিত করা এবং জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর সাথে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে।

একই সাথে এনসিপির আহ্বায়ক পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় মাঠপর্যায়ে কড়া নজরদারি রাখার জন্য নেতাদের কঠোর বার্তা দেন।

উক্ত সমন্বয় সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Social Icons