জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। তাকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। পদাধিকারবলে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বারী, নারায়ণগঞ্জ-৫ আসনের আবুল কালাম, ঢাকা-১৯ আসনের মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মোহাম্মদ আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মোহাম্মদ আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।
আবদুস সালাম পিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান। তিনি এর আগে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে টাঙ্গাইল-২ আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্বে এলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।







