বিয়ে করেছেন উপস্থাপিকা ও মডেল ইশরাত পায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই এ সুখবর জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একগুচ্ছ ছবিতে লাল টুকটুকে কনের সাজে দেখা গেছে ইশরাত পায়েলকে। ছবিতে তার সঙ্গে রয়েছেন স্বামী আল-আমিন চৌধুরী।
ছবির ক্যাপশনে ইশরাত পায়েল লিখেছেন, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়েছে।
একসঙ্গে জীবন কাটানোকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। এ জন্য সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন তিনি।
জানা গেছে, ইশরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং পেশায় ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
কবে বিয়ে করেছেন, তা নিয়ে কৌতূহল তৈরি হলে মন্তব্যের ঘরে বিষয়টি পরিষ্কার করেন ইশরাত পায়েল। তিনি জানান, বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে। তাই কতদিন টিকবে, এমন প্রশ্ন প্রযোজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আল্লাহ চাইলে তাদের সম্পর্ক সারাজীবন টিকে থাকবে বলেও জানান পায়েল। পাশাপাশি সবার কাছে তাদের জন্য দোয়া চান।
দীর্ঘদিন ধরে উপস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন ইশরাত পায়েল। ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’ ও **‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২’**সহ বিভিন্ন বড় পরিসরের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন তিনি।


