মোহাম্মদপুর ও আদাবর এলাকায় খালি প্লট ও ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে র্যাব-২। ভাড়াটিয়ার পরিচয় যাচাই না করে জায়গা ভাড়া দিলে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে ‘টাউন হল মিটিং’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন র্যাব-২ সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম।
সভায় মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৩ জন প্রতিনিধি এবং র্যাব-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে প্লট মালিকরা খালি প্লট ভাড়া দিয়ে থাকেন। এসব জায়গায় অনেক সময় ছাপড়া ঘর তুলে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়। শ্রমজীবীর পরিচয়ের আড়ালে কিছু অপরাধী সেখানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা তৈরি করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।
তিনি বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করতে হবে। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলতে হবে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, অনুমোদনহীনভাবে কোনো প্লটে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে বা সেখানে অবৈধ পণ্য মজুত রাখলে শুধু ওই ব্যক্তির নয়, প্লট বা ফ্ল্যাটের মালিকের ভূমিকাও আইনগতভাবে খতিয়ে দেখা হবে। তাই ভাড়াটিয়া নির্বাচনের ক্ষেত্রে মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় গত ২৯ আগস্ট অনুষ্ঠিত মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে খালি প্লটে অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠা এবং এসব স্থানে অপরাধীদের আশ্রয় নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, অপরাধমুক্ত মোহাম্মদপুর গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, প্লট মালিক, হাউজিং সোসাইটি ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি স্থানীয়দের যেকোনো অপরাধের তথ্য নির্ভয়ে র্যাবকে জানানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র্যাবের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তারা নিজ নিজ এলাকায় আরও সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে র্যাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
র্যাব-২ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে।
অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের মতবিনিময় কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র্যাব-২।

