কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মেম্বার-চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী নির্ধারণের দায়িত্ব এমপির। তবে এ সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না, সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
সমাবেশে মোবাশ্বের আলম বলেন, মেম্বার ও চেয়ারম্যান নির্বাচিত করার দায়িত্ব এমপির। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও এমপির ভূমিকা থাকবে। তবে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নেতাদের আলোচনায় যাকে যোগ্য মনে করা হবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে কোনো ধরনের বিরোধ বা আপত্তি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
আগামী পাঁচ বছর দলের মধ্যে কোনো গ্রুপিং বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সংসদ সদস্য। স্থানীয় সাবেক এক চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব।’ বক্তব্যে তিনি স্থানীয় পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন।
যুবদলের প্রতি নিজের রাজনৈতিক দায়বদ্ধতার কথা তুলে ধরে মোবাশ্বের আলম বলেন, গত ১৬ বছর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাদের আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ১২ তারিখের নির্বাচনে যুবদলের নেতাকর্মীদের নেতৃত্ব ও ভূমিকার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ কারণে যুবদলের প্রতি তার দায়বদ্ধতা বেশি। যুবদলকে জনগণের সঙ্গে তার সংযোগের সেতুবন্ধন হিসেবেও উল্লেখ করেন তিনি।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান।
এ ছাড়া নুরুল ইসলাম সোহাগ, ডা. মাঈন উদ্দিন বাহার, জাফর সাদিক, জসিম উদ্দিন মজুমদার, আবু ইউসুফ হাসান মানিক, আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









