ইরানের ওপর মার্কিন অবরোধ লঙ্ঘনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি ভারতের এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, পালাউ পতাকাবাহী ট্যাংকার “সেত্তেবেলো”-তে হামলার ঘটনায় প্রথমে নিখোঁজ হিসেবে থাকা তিন ভারতীয় নাবিকের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হওয়ার পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, তৃতীয় নাবিকের মরদেহ এখনো শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ট্যাংকারটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে মার্কিন অবরোধ ভাঙছিল। ওই জাহাজকে থামাতে এর ইঞ্জিন রুমে হামলা চালানো হয় বলে জানায় তারা।









