GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / যুক্তরাষ্ট্র থেকে সাইফুজ্জামান-রুন্মীলার সম্পদের রেকর্ড পাঠাল এফবিআই

যুক্তরাষ্ট্র থেকে সাইফুজ্জামান-রুন্মীলার সম্পদের রেকর্ড পাঠাল এফবিআই

যুক্তরাষ্ট্র থেকে সাইফুজ্জামান-রুন্মীলার সম্পদের রেকর্ড পাঠাল এফবিআই

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুন্মীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই তদন্তসংক্রান্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড পাঠিয়েছে বলে জানিয়েছে দুদক।

দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ

দুদকের চিঠি অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুন্মীলা জামানের বিষয়ে বাংলাদেশ থেকে পাঠানো Mutual Legal Assistance Request (MLAR) যুক্তরাষ্ট্রের Central Authority, Office of International Affairs (OIA) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে।

ওই আবেদনে তাদের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড সংগ্রহের পাশাপাশি অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল।

বাংলাদেশের এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআইয়ের তদন্তসংক্রান্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড পাঠানো হয়েছে।

সিডিতে পাঠানো হয়েছে সম্পত্তির নথি

দুদক জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া নথিগুলো একটি সিডিতে সংযুক্ত করে কমিশনের কাছে পাঠানো হয়েছে।

তবে MLAR-এর মাধ্যমে চাওয়া সব তথ্য এখনো পাওয়া যায়নি। অনুরোধ করা অন্যান্য রেকর্ড ও তথ্য পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তসংক্রান্ত বিষয়েও দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

সম্পদ জব্দের বিষয়েও চলছে প্রক্রিয়া

দুদকের নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তসংক্রান্ত অংশের দায়িত্বে রয়েছেন Trial Attorney Maria Lerner এবং International Affairs Specialist Hira Shahbaz।

এ বিষয়ে পৃথক চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জবাব দেওয়া হবে বলে দুদককে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে নথি দুদকে

দুদকের নথি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৩ শাখা ১৮ আগস্ট একটি চিঠি দেয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া রেকর্ডপত্র পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এবার নথি যাচাই করবে দুদক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক স্বার্থের তথ্য সংগ্রহে MLAR একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড এখন দুদকের চলমান অনুসন্ধান বা তদন্তে যাচাই-বাছাই করা হবে

নথিতে থাকা তথ্যের ভিত্তিতে সাইফুজ্জামান চৌধুরী ও রুন্মীলা জামানের সম্পদের উৎস, মালিকানা এবং অর্থের গতিপথ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

Social Icons