ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও প্রাণী-জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
তিনি শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তারা কোন শ্রেণিতে পড়ে, কীভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে শুধু পাঠ্যবইয়ের দিকে মনোযোগ দিলেই হবে না। সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, চারপাশের অসহায় ও অবলা প্রাণীর প্রতিও যত্নবান হতে হবে। কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না।
তিনি বলেন, জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ একটি মানবিক সমাজের পরিচয়।
জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্য ছিলেন।
সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
