GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / জীবনযাপন / অন্যান্য / রাজধানী / সায়েদাবাদে দুই নারীর ঝগড়ায় জড়িয়ে একজনের স্বামীর মৃত্যু

সায়েদাবাদে দুই নারীর ঝগড়ায় জড়িয়ে একজনের স্বামীর মৃত্যু

রাজধানীর সায়েদাবাদে দুই নারীর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে ফকির আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্কুর আলী নামে এক যুবকের ঘুষির আঘাতে আলমগীর রাস্তায় পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে। বর্তমানে তারা সায়েদাবাদের করাতিটোলা এলাকায় থাকেন। তার বাবা বাসের হেলপার হিসেবে কাজ করতেন। পাশাপাশি দিনের বেলায় ভ্যানে করে শরবত বিক্রি করতেন। তার মা টুনি আক্তার বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে খিচুড়ি বিক্রি করেন।

রবিউল বলেন, মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারী ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ওই নারীর সঙ্গে তার মা টুনি আক্তারের তর্কাতর্কি শুরু হয়। তার বাবা আলমগীরও তখন সেখানে ছিলেন।

একপর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী এসে আলমগীরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রবিউলের অভিযোগ, এ সময় শুক্কুর তার বাবার বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে আলমগীর রাস্তায় পড়ে যান। তখন রাস্তার ওপর থাকা ভাঙা ইটের একটি অংশ তার মাথায় ঢুকে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Social Icons