জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হাইকোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণ ঘটে।
তবে কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

