GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / ২০০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে যুবক, ৭ ঘণ্টা পর নামানো হলো

২০০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে যুবক, ৭ ঘণ্টা পর নামানো হলো

২০০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে যুবক, ৭ ঘণ্টা পর নামানো হলো

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মো. সাগর (৩৩) নামে এক যুবক। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওই যুবক জেলার নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (গাংগাটিয়া) এলাকায় নবনির্মিত একটি বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছিলেন সাগর

স্থানীয়রা জানান, টাওয়ারের চূড়ায় উঠে ওই যুবক কখনো শূন্যে শুয়ে-বসে হাত নাড়িয়ে মজা করছিলেন। তার এমন কাণ্ড দেখে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর বিকেল সোয়া ৩টার দিকে তাকে অক্ষত অবস্থায় নিচে নামানো সম্ভব হয়।

স্থানীয় হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, নিজেদের জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকরা দেখতে পান, এক যুবক বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছেন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, লাইনটিতে নতুন তার টানানো হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অভিযান চালিয়ে বিকেল সোয়া ৩টার দিকে ওই যুবককে নিচে নামানো হয়।

পরে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এসআই সবুজ মিয়া আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Social Icons