৬ দফা দাবি না মানলে সরকার পতনের জন্য এক দফা আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের লংমার্চ চলাকালে কুমিল্লার পদুয়ার বাজারের পথসভায় নেতারা এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, বাংলাদেশ বর্তমানে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিএনপি নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে বললেও সরকার গঠনের ছয় মাস পরও বিদ্যুৎ, খাবার ও কাজের সংকট রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ এক কঠিন সংকট সময় পার করছেন। বিএনপি বলেছিল নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে। তারা বলেছিল বাংলাদেশের মানুষ সংস্কার বুঝে না। আজ তাদের সরকার গঠনের ৬ মাস। এখন বিদ্যুৎ নাই, খাবার নাই, কাজ নাই।’
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বলেন, বিএনপি মহাসচিব ফখরুল সাহেবের বলা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’ বক্তব্যের সঙ্গে তারাও একমত।
এ সময় তিনি ১১ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন এবং বর্তমান সরকারের পতন নিয়ে সতর্কবার্তা দেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সরকারকে ৬ দফা দাবি জানিয়েছি। দাবি আদায় না হলে সরকার পতনের এক দফা দেয়া হবে।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লাকে বিভাগ করার দাবি তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা বিভাগ করার দাবি উঠেছিল। সিলেট বিভাগ হলেও কুমিল্লা বিভাগ হয়নি। এখন কুমিল্লাকে বিভাগ না করার কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণকে যে কথা দিয়েছিল, তা রাখেনি। তাই দাবি আদায়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে যাবো। এরপর ঢাকায় লংমার্চ হবে। ঢাকায় যেতে প্রয়োজনে চিড়া মুড়ি নিয়ে যাবো। চিড়ামুড়ি নিয়ে আপনারাও চলে আসবেন।’
লংমার্চে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, পথে কেউ বাধা দিলে তারা দ্বিগুণ শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছাবেন।
তিনি বলেন, ‘রাস্তায় বাধা দিলে, দ্বীগুন শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছাবো। আমরা আমাদের গন্তব্যে পৌছাবোই।’

