দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়।
দীর্ঘদিন পর কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা দিয়েছে।
সিইউএফএলের মহাব্যবস্থাপক (অপারেশন) উত্তম চৌধুরী জানান, কারখানাটি পুরোপুরি সচল রাখতে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। গ্যাসের সরবরাহ পুরোপুরি পাওয়ায় সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে।
তিনি জানান, গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ সিইউএফএলের সার উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, তা অল্প সময়ের মধ্যেই পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত সিইউএফএল কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন করা হয়।
বর্তমানে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ১০০ টন ইউরিয়া সার এবং ৮০০ টন অ্যামোনিয়া।
