GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে: সারজিস আলম

বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে: সারজিস আলম

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সারজিস আলম। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা কমিটির ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় সফর করছে এনসিপি। প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে দলটির।

তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির প্রার্থী দিতে চান তারা। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে একজন প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হবে। এর মাধ্যমে একটি বড় রাজনৈতিক দল হিসেবে এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্ত হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রক্রিয়াও এগিয়ে যাবে।

বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক হবে না। বিরোধী দলের বক্তব্য শোনা এবং তাদের রাজনৈতিক ভূমিকার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি যদি জনগণের স্বার্থে কাজ করে, তাহলে এনসিপি সহযোগিতা করবে। তবে সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে।

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পেরিয়ে গেছে। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল। এর মধ্যে জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল। কিন্তু এসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষও ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে গ্যাস সংকট ও বিদ্যুৎ সমস্যার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। বিভিন্ন কলকারখানায় কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন তিনি।

সারজিস আলম বলেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে। তবে সরকার বিষয়টি বিশ্বাস বা স্বীকার করতে চাইছে না।

এনসিপির এই নেতা বলেন, জনগণের দাবিগুলো তুলে ধরতেই বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। বিরোধী দল হিসেবে এনসিপি সরকারের ভুল ও ব্যর্থতাগুলো তুলে ধরতে চায়। একই সঙ্গে মাঠপর্যায়ে সরকারের জনপ্রিয়তা কমে আসছে বলেও দাবি করেন তিনি।

Tagged:

Social Icons