জামালপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কাচারিপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমা আক্তার সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাচারিপাড়ার ওই মেসে রিমা একা একটি কক্ষে থাকতেন। গত দুই থেকে তিন দিন ধরে তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। এতে বাড়ির মালিক ও প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করেন।
সংবাদ পেয়ে জামালপুর সদর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া রিমার স্থায়ী ঠিকানা নিয়ে পুলিশ ও স্থানীয়দের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে। বাসার নিবন্ধন খাতার তথ্য অনুযায়ী তাঁর বাড়ি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকায় এবং বাবার নাম শহিদুল্লাহ। তবে ঘরের ভেতরে পাওয়া রিমার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা দেওয়া রয়েছে ইসলামপুর উপজেলায়। পুলিশ জানিয়েছে, ঠিকানা এবং পরিচয়ের এই অমিল তদন্তের পর স্পষ্ট হওয়া যাবে।
ঘটনার বিস্তারিত জানিয়ে বাসার মালিকের ছেলে জাহাঙ্গীর জানান, মেয়েটি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগে পড়াশোনা করত। তবে এর বাইরে তাঁর ব্যক্তিগত বিষয়ে পরিবার বেশি কিছু জানত না।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল জান্নাত শাহ জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ইতিমধ্যে বেশ ফুলে গেছে।
তিনি আরও জানান, বাসার রেজিস্টার ও এনআইডির ঠিকানায় গরমিল পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।









