ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে ৫০ কিলোমিটার দীর্ঘ ভয়াবহ যানজট। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে সাধারণ যাত্রী ও চালকদের ভোগান্তি চরম রূপ নিয়েছে।
নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণেই এই যানজটের সূচনা হয়। সড়ক বিভাগ জানিয়েছে, ব্রিজের ঢাকামুখী লেনে একটি বড় গর্ত তৈরি হয়েছিল। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার বেলা ১১টা থেকে সংস্কারকাজ শুরু করা হয়।
কাজ চলাকালীন দুই লেনের মধ্যে এক লেন বন্ধ রাখা হয়। কেবল অন্য একটি লেন দিয়ে গাড়ি চলাচলের সুযোগ দেওয়া হয়। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে দ্রুত যানজট ছড়িয়ে পড়ে।
যানজটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে চাওয়া বিদেশগামী যাত্রীরা। বাসচালকরা জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পৌঁছাতে অনেকের ৮ থেকে ১০ ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, এক লেন দিয়ে পর্যায়ক্রমে গাড়ি পার হওয়ার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।









