GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / হামের টিকা ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নতুন ঘোষণা

হামের টিকা ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নতুন ঘোষণা

হামের টিকা ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নতুন ঘোষণা

চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সেখানে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

মন্ত্রী বলেন, সরকারের ব্যবস্থাপনায় ইতোমধ্যে পর্যাপ্ত হামের ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের বাকি জেলাগুলোতে প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে।

স্বাস্থ্যসেবার অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

তিনি জানান, সম্প্রতি তিনি দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। তার অভিজ্ঞতা অনুযায়ী, গত ছয় মাসে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান আগের তুলনায় বেড়েছে।

চিকিৎসকদের উপস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সঠিক ডিউটি নিশ্চিত করা হবে।

হাসপাতালের ড্রেনেজ বা পরিচ্ছন্নতায় কোনো সমস্যা থাকলে তা সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

Social Icons