২০২৬ বিশ্বকাপের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান।
নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে চার দলের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’।
টুর্নামেন্টে ব্রাজিল ও জাপানের সঙ্গে খেলবে প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুর।
ম্যাচগুলো হবে ১৩ থেকে ১৭ নভেম্বর। ভেন্যু সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়াম।
১৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে খেলবে জাপান।
এর আগে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ওই ম্যাচে ২-১ গোলে জাপানকে হারায় ব্রাজিল।
ম্যাচের যোগ করা সময়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তার গোলেই জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের ওই পরাজয়ের পর আবারও ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ম্যাচটি আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের হারের কারণে এটি জাপানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
১৩ নভেম্বর প্যারাগুয়ে ও সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।
১৪ নভেম্বর হবে ব্রাজিল-জাপান ম্যাচ।
টুর্নামেন্টের শেষ দিনে ১৭ নভেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে জাপানের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।
বিশ্বকাপের পর ব্রাজিলের ব্যস্ত সূচির অংশ হিসেবেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে ম্যাচ দুটি হওয়ার কথা।
এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলের।








