GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / নতুন অফিসে দ্রুত মানিয়ে নিতে যে ১০টি বিষয় জানা জরুরি

নতুন অফিসে দ্রুত মানিয়ে নিতে যে ১০টি বিষয় জানা জরুরি

নতুন চাকরিতে যোগ দেওয়ার পর অপরিচিত পরিবেশ, নতুন সহকর্মী, কাজের ধরন ও অফিসের নিয়ম অনেকের কাছেই অস্বস্তিকর মনে হতে পারে। তবে অফিসে মানিয়ে নেওয়া মানে প্রথম দিনেই সবকিছু জানা নয়। বরং মানুষ, কাজ ও পরিস্থিতি বুঝে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করাই গুরুত্বপূর্ণ।

নতুন অফিসে মানিয়ে নিতে কয়েকটি বিষয় মনে রাখলে এই প্রক্রিয়া অনেক সহজ হতে পারে।

১. নতুন অফিসে গিয়েই সব জানেন এমন ভাব করবেন না

নিজের পুরোনো অভ্যাস চাপিয়ে দেওয়ার আগে অফিসের পরিবেশ বুঝে নিন। সহকর্মীরা কীভাবে কথা বলেন, মিটিংয়ে কী ধরনের আচরণ স্বাভাবিক এবং কাজের আপডেট কীভাবে দেওয়া হয়, সেসব লক্ষ্য করুন। যেমন প্রীতি প্রথমে বুঝতে পারেননি যে তাদের টিমে ই-মেইলের বদলে নির্দিষ্ট সফটওয়্যারে কাজের আপডেট দেওয়া হয়। নিয়মটি বুঝে নেওয়ার পর তিনিও সহজেই মানিয়ে নেন।

২. অভিজ্ঞতা থাকলেও নতুন নিয়ম শিখুন

মানিয়ে নেওয়া শুধু নতুনদের জন্য নয়। পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়া আরিফও দেখলেন, আগের অফিসের রিপোর্ট তৈরির পদ্ধতি এখানে আলাদা। তাই অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা কাজের ধরন শেখার মানসিকতা রাখতে হবে।

৩. প্রথম দিনেই সবার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না

নতুন অফিসে গিয়েই সবার ব্যক্তিগত বিষয় জানতে চাওয়ার প্রয়োজন নেই। তানভীর প্রথম সপ্তাহেই সহকর্মীদের ব্যক্তিগত বিষয়ে নানা প্রশ্ন করতেন। পরে বুঝতে পারেন, সবাই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এরপর তিনি ধীরে ধীরে সম্পর্ক তৈরি করেন। কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক সময়ের সঙ্গে তৈরি হয়।

৪. কিছু বুঝতে না পারলে প্রশ্ন করুন

নতুন জায়গায় প্রশ্ন করা দুর্বলতা নয়। না বুঝে ভুল করার চেয়ে প্রয়োজনীয় বিষয় জেনে নেওয়া ভালো। মেহেদী শুরুতে সিনিয়র সাদিয়াকে নিয়মিত প্রশ্ন করতেন। সাদিয়া তাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখতে বলেন। মেহেদী তা অনুসরণ করায় এক মাস পর তার আগের মতো প্রশ্ন করতে হয়নি। অর্থাৎ প্রশ্ন করার পাশাপাশি উত্তরগুলো মনে রাখা ও কাজে প্রয়োগ করাও জরুরি।

৫. নতুন বস ও নিয়মের সঙ্গে মানিয়ে নিন

নতুন বস, সফটওয়্যার, টিম বা কাজের নিয়ম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। রাফির নতুন বস আসার পর মৌখিক আপডেটের বদলে লিখিত আপডেট দেওয়া বাধ্যতামূলক হয়। প্রথমে বিরক্ত হলেও পরে তিনি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেন। কর্মক্ষেত্রে সফল হতে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ।

৬. কাজের চাপের সময় মাথা ঠান্ডা রাখুন

ডেডলাইন ও কাজের চাপের সময় দায়িত্বশীল আচরণ করা জরুরি। সুমাইয়া নিজের ভুলে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের আগে পুরো টিমকে সমস্যায় ফেলেছিলেন। তবে অন্যকে দায়ী না করে তিনি ভুল স্বীকার করেন এবং টিমের সঙ্গে বসে সমাধান বের করেন। শেষ পর্যন্ত কাজ সময়মতো শেষ হয়। চাপের মধ্যে দায়িত্বশীল আচরণ সহকর্মীদের আস্থা বাড়ায়।

৭. মানিয়ে চলুন, তবে নিজের সীমারেখা বজায় রাখুন

অফিসের পরিবেশ সব জায়গায় এক রকম নয়। কোথাও পরিবেশ বন্ধুত্বপূর্ণ, আবার কোথাও বেশ আনুষ্ঠানিক। ফারহান নতুন অফিসে গিয়ে পরিস্থিতি বুঝে নিজের আচরণেও পরিবর্তন আনেন। তবে মানিয়ে নেওয়া মানে নিজের ব্যক্তিত্ব বা সীমারেখা হারিয়ে ফেলা নয়।

৮. অফিসের রাজনীতিতে জড়াবেন না

কিছুদিন অফিসে থাকলেই বোঝা যায় কে কার ঘনিষ্ঠ বা কার সঙ্গে কার সমস্যা। এসব বিষয়ে জড়িয়ে পড়া বিপদ ডেকে আনতে পারে। নাবিলও এক সহকর্মীকে নিয়ে মন্তব্য করার পর বিষয়টির জের বুঝতে পারেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, তবে অন্যের ব্যক্তিগত বিষয় বা দ্বন্দ্বে পক্ষ নেবেন না।

৯. সিদ্ধান্ত নেওয়ার সময় ভবিষ্যৎ বিবেচনা করুন

নতুন দায়িত্ব, প্রজেক্ট বা পদ পরিবর্তনের সুযোগ এলে শুধু বর্তমান চাপের কথা ভাবা উচিত নয়। মিথিলা নতুন দায়িত্বের প্রস্তাব পেয়ে সেটি তার দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, সেটিও বিবেচনা করেন। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতের সুযোগ ও সম্ভাব্য ফলাফল মাথায় রাখা প্রয়োজন।

১০. সামান্য সমস্যায় বারবার চাকরি বদলাবেন না

নতুন অফিসে মানিয়ে নিতে কয়েক মাস সময় লাগতে পারে। কাজের চাপ, সহকর্মী বা পরিবেশ শুরুতে ভালো না লাগলেই চাকরি বদলানো সবসময় সমাধান নয়। রাহাত এক বছরে দুবার অফিস বদলে বুঝতে পারেন, প্রতিবারই তাকে নতুন মানুষ, নিয়ম ও কাজের ধরন শিখতে হচ্ছে। তৃতীয় প্রতিষ্ঠানে গিয়ে তিনি সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক মাস পর যে পরিবেশ কঠিন মনে হয়েছিল, সেটিই তার কাছে স্বাভাবিক হয়ে যায়।

তাই বড় কোনো সমস্যা না থাকলে বারবার অফিস বদলানোর আগে নিজেকে কিছুটা সময় দেওয়া ভালো। প্রতিটি নতুন জায়গায় শূন্য থেকে শুরু করার বদলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের জায়গা তৈরি করা অনেক সময় বেশি কার্যকর।

অফিসের পরিবেশে মানিয়ে নেওয়া মানে নিজের স্বকীয়তা হারানো নয়। কোথায় কথা বলতে হবে, কখন নতুন কিছু শিখতে হবে, কখন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং কখন নিজের সীমারেখা ধরে রাখতে হবে, সেটি বুঝে চলাই গুরুত্বপূর্ণ। নতুন অফিসে সফল হতে ভালো কাজ জানার পাশাপাশি মানুষ, পরিবেশ ও পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার দক্ষতাও প্রয়োজন।

Social Icons