ইতালিতে কারো শরীরে অনুমতি ছাড়া পানি, কোক কিংবা যেকোনো ধরনের তরল ছুড়ে মারা পরিস্থিতিভেদে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
দেশটির দণ্ডবিধির ৫৮১ ধারা অনুযায়ী, এমন আচরণকে ‘পারকোসে’ (Percosse) বা শারীরিক আঘাতের অপরাধ হিসেবে গণ্য করে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা সম্ভব।
ইতালীয় আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, শারীরিক আক্রমণে ভুক্তভোগীর শরীর বা মনে স্থায়ী কোনো অসুস্থতা তৈরি না হলেও তা ‘Percosse’ অপরাধের আওতাভুক্ত হবে।
এই ধারায় দোষী সাব্যস্ত হলে অপরাধীকে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড অথবা ৩০৯ ইউরো পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, ‘Percosse’ কেবল লাথি বা ঘুষির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কাউকে ধাক্কা দেওয়া, চুল টানা বা তরল জাতীয় বস্তু ছুড়ে মারাও এই ধারার অন্তর্ভুক্ত হতে পারে।
তবে ঘটনার ধরন, অভিযুক্তের উদ্দেশ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে আইন প্রয়োগকারী সংস্থা এবং আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
অন্যদিকে, এ ধরনের ঘটনার ফলে যদি ভুক্তভোগীর শরীরে কোনো আঘাত বা মানসিক অসুস্থতার সৃষ্টি হয়, তবে তা দণ্ডবিধির ৫৮২ ধারার ‘লেসিওনি পারসোনালি’ (Lesioni personali) বা গুরুতর শারীরিক ক্ষতি হিসেবে গণ্য হবে।
৫৮২ ধারার অধীনে কোনো ব্যক্তি অপরাধী প্রমাণিত হলে তার সাধারণ ক্ষেত্রে ৬ মাস থেকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড হতে পারে।
সাম্প্রতিক সময়ে ইতালিতে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বাকবিতণ্ডার জেরে তরল পদার্থ ছোড়ার খবর প্রকাশ্যে আসার পর আইনি জটিলতা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
ফলে ইতালিতে বসবাসরত প্রবাসীদের প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে আইন হাতে না নেওয়া এবং শারীরিক হিংস্রতা এড়িয়ে চলার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে।

