GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / জাতীয় সংসদ / সংসদে ভিন্নমত প্রকাশের পরিবেশ নেই, ক্ষোভ রুমিন ফারহানার

সংসদে ভিন্নমত প্রকাশের পরিবেশ নেই, ক্ষোভ রুমিন ফারহানার

জাতীয় সংসদে বিরোধী দলের মতামত ও ভিন্নমত প্রকাশের যথাযথ পরিবেশ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সংসদে বক্তব্য দেওয়ার পর তার আশপাশের সংসদ সদস্যদের কাছ থেকে অসংলগ্ন ও অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়েছে। তার অভিযোগ, সংসদ সদস্যরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন, যা কোনো গণতান্ত্রিক দেশের সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।

তিনি বলেন, বক্তব্যের সঙ্গে ভিন্নমত বা কাউন্টার থাকলে তা নির্ধারিত সংসদীয় নিয়ম মেনে দেওয়া যেত। কিন্তু বক্তব্য শেষ হওয়ার পরই এ ধরনের আচরণের মুখোমুখি হওয়া অত্যন্ত দুঃখজনক।

রুমিন ফারহানা উল্লেখ করেন, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সদস্য হিসেবে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তিনি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তার মতে, হাজারো মানুষের রক্তের বিনিময়ে ভোটের মাধ্যমে সংসদ গঠিত হওয়ার পরও যদি ন্যূনতম পরিবর্তন না আসে, তাহলে শুধু নামমাত্র বিরোধী দল হিসেবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার জন্য সংসদে থাকার প্রয়োজন নেই।

তিনি বলেন, একটি সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকবেন, এটাই স্বাভাবিক। প্রত্যেকের ভিন্ন মত থাকতে পারে এবং সেই মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত

র‍্যাব বিল নিয়ে বক্তব্যে রুমিন ফারহানা রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ ছাড়া দেশের সব রাজনৈতিক দল এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো র‍্যাব বিলুপ্তির দাবি তুলেছিল।

র‍্যাবের পরিবর্তে নতুন কোনো সংস্থা গঠন করা হলে সেটি যেন শুধু নাম বা পোশাক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেই আহ্বান জানান তিনি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-সহ দেশের যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, অতীতে এসব বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে হেনস্তা, নির্যাতন ও ভীতিগ্রস্ত হতে দেখা গেছে। ভবিষ্যতে রাষ্ট্রীয় কোনো বাহিনীর কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।

বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সংসদে থাকা প্রতিটি রাজনৈতিক দল গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

রুমিন ফারহানা আরও বলেন, পুলিশ, র‍্যাব বা যেকোনো রাষ্ট্রীয় বাহিনী যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে না থেকে নিয়ম ও শৃঙ্খলার মধ্যে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

তিনি প্রত্যাশা করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা বর্তমান সরকার এমন কার্যকর পদক্ষেপ নেবে, যাতে রাষ্ট্রীয় বাহিনীগুলো রাজনৈতিক প্রভাব ও দলীয়করণমুক্ত হয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে।

Social Icons