GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / দুই দশক পর দেখা: জেমসকে ‘মহাগুরু’ ডেকে আবেগে ভাসলেন রূপম ইসলাম

দুই দশক পর দেখা: জেমসকে ‘মহাগুরু’ ডেকে আবেগে ভাসলেন রূপম ইসলাম

বাংলাদেশের রকবংশী নগরবাউল জেমসের সুরের দাপটে শুধু সাধারণ শ্রোতারাই মুগ্ধ হন না, বুঁদ থাকেন ওপার বাংলার তারকা শিল্পীরাও।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে মহাগুরু জেমসের সাক্ষাৎ পেয়ে তাঁর পা ছুঁয়ে সম্মান প্রদর্শন করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর লিড ম্যান রূপম ইসলাম।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সিডনিতে আয়োজিত একটি যৌথ কনসার্টে একই মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে দুই দেশের এই দুই রক আইকনের।

বহু বছর পর তাদের এই বিরল সাক্ষাতের মুহূর্তটি ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে নগরবাউলকে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়ে রূপম ইসলাম বলেন, ‘জেমস ভাই, আপনার পাশে এসে দাঁড়ানো থেকে শুরু করে একসঙ্গে কনসার্ট করা— সবটুকুই আমার জন্য একদম অন্যরকম এক অনুভূতি।’

স্মৃতিচারণ করে রূপম মনে করিয়ে দেন, ২০০৭ সালে ‘ঢাকা রক ফেস্টে’ তাদের প্রথম দেখা হয়েছিল এবং সে সময় ঢাকায় গেলে জেমস নিজের গাড়িতে ঘুরিয়ে ঢাকা শহর দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রূপমের এমন অনুযোগের জবাবে জেমস রসিকতা করে বলেন, ঢাকার জন্য অপেক্ষা জমাতে হবে না, এবার সিডনির বুকেই দুজন একসাথে ঘুরবেন।

সংগীত ইন্ডাস্ট্রিতে প্রচলিত এক ধারণা নিয়ে রূপম হাসতে হাসতে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে প্রচলিত ধারণা যে গুরু সহজে হাসেন না। অথচ আজ আমাকে দেখে উনার হাসি থামতেই চাইছে না— এটাও তো একটা রেকর্ড!’

আড্ডার শেষ মুহূর্তে মিস্টার ফসিলস মাথা নিচু করে জেমসের পা ছুঁয়ে আশীর্বাদ চাইলে, জেমস পরম স্নেহে তাকে বুকে টেনে নেন।

পরবর্তীতে নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডলে জেমসের সাথে তোলা ছবি শেয়ার করে রূপম ইসলাম লেখেন, ‘জয় রক এবং জয় গুরু!’

Social Icons