ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন নামের এক যুবককে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার স্ত্রী রুনার অভিযোগ, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিয়ে ভিডিও পোস্ট করার পর ফরহাদকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় নিজ বাসা থেকে অজ্ঞাত দুই ব্যক্তি ফরহাদকে ডেকে নিয়ে যান বলে পরিবারের অভিযোগ। পরে পাশের রাস্তায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে মধ্যহিস্যা এলাকার অন্ধকার রাস্তায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। নিজের শরীরের আগুন থেকে বাঁচতে ফরহাদ দৌড়ানোর চেষ্টা করেন। পরে বিবস্ত্র অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। শুক্রবার ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব ফরহাদের দাফন সম্পন্ন হয়।
পরিবারের অভিযোগ, অজ্ঞাত দুই ব্যক্তি ফরহাদকে বাসা থেকে ডেকে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেন। গ্যাস-বিদ্যুতের সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি পরিবারের।
তবে কী কারণে ফরহাদকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ভিডিও স্টেটমেন্টে জানিয়েছিলেন, তার কোনো শত্রু নেই এবং কেন, কীভাবে ও কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতে পারেননি। তবে সেখানে দুই ব্যক্তি ছিল, যাদের তিনি চিনতে পারেননি।
ওসি আরও বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।
ফরহাদ ‘বেকার মুক্তি কর্মসংস্থান’ নামের একটি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ফেসবুকে তিনি মাদকবিরোধী বিভিন্ন পোস্ট করতেন।
ফরহাদকে পুড়িয়ে হত্যার ঘটনায় শুক্রবার পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।


